02/04/2026

ভোটার ও মেসোমশাই


কেউ দিচ্ছেন রান্না করে
কেউ দাড়িগোঁফ কামিয়ে
কেউ নিচ্ছেন চরণধূলি 
অফিসফেরত, থামিয়ে। 

কেউ দিচ্ছেন থ্রেট-টেট, কেউ
প্রাচীন ঘা-দের বিষিয়ে 
কেউ দিচ্ছেন প্রতিশ্রুতি 
ধর্মাধর্ম মিশিয়ে। 

কেউ ছুটছেন, কেউ বা নদী
পার হয়ে যান সাঁতরে।
কেউ বলছেন, 'বৌ, ছেলে-কে
পাঠিয়ে দেব রাত্রে

কুটনো কাটা, মশলা বাঁটা
আনাজপাতি বাজারে
আনবে কিনে, গ্যাস,  বিদ্যুৎ 
মিটিয়ে দেবে যা যা রেট। 

নিজের ভেবে যখন খুশি
করুন না ফাইফরমাশ
হাস্যমুখে হাজির হবে
বৌ, ছেলে, এই শর্মা। 

চান যদি তো দিতেও পারেন
আলতো এক আধ চাপড়
ইচ্ছে হলে আমার ছাদেই
শুকোন জামাকাপড়।

দিচ্ছি কথা জিতলে দেবো
যখন যেটা দেবার
আরেকটিবার যদি জোটান 
সুযোগ জনসেবা-র।'

বলল ভোটার, হাসি মুখে 
'ঘি খান, দুধে আঁচান
ফিতে কাটেন, ধন্য করেন
লোকাল ক্লাবের মাচান।

দেহের ওজন বইতে হারে
এক আধ ডজন লেবার
সেই আপনিই ভার নিয়েছেন 
মশাই, জনসেবা-র!

বলছি মায়া ছাড়ুন এসব
জনসেবা-র নেশার
তারচে বরং বদ্যি ডেকে
মাপান সুগার, প্রেশার।

মুখ্যু মানুষ, বোতাম টিপি
যখন যাকে পোষাই। 
আপনি বরং নিজের ভালো 
ভাবুন মেসোমশাই!

No comments:

Post a Comment