বিশেষ কোন রুটী নয় ,
মন্দির থেকে চুরি করে আনা পুজারীর পা ,
শিউলিফুলও ,
অশ্রাব্য ডাকাডাকির হাড়েহাড়ে
একটু মুমূর্ষু রঙ,
স্লিপিং পিলের নাম লেখা ভুয়ো প্রেসক্রিপশনে অবৈধে গান জন্মাচ্ছে একনাগাড়ে।
নারী,সুরা আর সমাজবিচ্ছিন্ন কিছু বাইকের কাঁটা
অতীত থেকে খাবলাখাবলা মাংসের চ্যাঙড় তুলে নিচ্ছে গল্পের
শব্দদুষণমুক্ত আড়ালে বাজির পরিবর্তে জমানো টাকায় মদ কিনছে কৈশোর ,
নেশাজড়োজড়ো কামড়ে ধরছে এস্ট্যাসি'র টুঁটি ,
ফাইবারপ্লেটের গায়ে জলের গলগল ট্যাটু
তবুও...
ধারাবাহিক এইসব বলে চলেছে বর্তমান।
মাথার ভেতরে রেসের মাঠ (জনকল্যানের নিমিত্ত বানানো)পাব্লিক ইউরেন্যাল ,শিশু উদ্যান ,দাতব্য গাইঘর
বারুদেবারুদে পলিফোনিক রিংটোন নাচছে।
উড়ে যাচ্ছে পাখির গ্রিল ,
পুড়ে যাচ্ছে রাস্তার সারি ,
মদে নেশা কমছে ,সংজ্ঞা বদলাচ্ছে ঘুমের
স্ট্যাটাস আপডেটে উঠে আসছে সোনালী চপ্পলের তলে লেগে থাকা
ভুখা চাষীর আত্মহত্যা কিংবা কুকুরের খুন।
অজস্র বিপ্লবী রাতজাগা ,অলক্ষ্য বহুগামী দিন ,
অগুনতি কবিতার বাসি ভ্রুন কাঁদছে
ছেড়ে রাখা রাতপোশাকের দাগে।
অবশেষে প্রগলভ হয়েছে কষ্ট,
নদী কাঁচশব্দ খুলে রেখে
পরিয়ে দিচ্ছে গায়ে বারবার ব্যর্থ ফিরে আসা।
No comments:
Post a Comment