09/05/2026

আমরা সবুজ ফেরৎ ক-জন

আমরা সবুজ ফেরৎ ক-জন
শুরু করেছি গেরুয়া-ভজন
আজ চেপে হাহুতাশ , ফে.বুতে স্ট্যাটাস 
নামাই ডজন ডজন।

জয় বাংলা গিয়েছি ভুলে
গেরুয়া ফেট্টি বেঁধেছি চুলে
আজ করি হেন ভাব, ভুলিয়া স্বভাব
দুয়ো দেব তিনোমুলে।

আমরা ইফতারি-ফেজ টুপি
লুকায়ে ফেলিয়াছি চুপিচুপি 
আজ গৈরিক ফোঁটা, পাগড়ি বাঁধিয়া 
সাজিয়াছি বহুরূপী।
 
আমরা ছাড়িয়া লেহন চটি-র
কারিয়াকর্তা নামেই রটি
কেউ গায়ে সবুজের ছোপ পেলে তার
বেচে দেব বাটিঘটি।

আমরা চাকরি, কয়লা চুরি
আর ভেড়ি নিয়ে জোরাজুরি 
এই স্টেট লেভেলের স্ক্যাম ছেড়ে
দেবো সেন্ট্রাল সুড়সুড়ি।
 
আমরা সংখ্যাতত্ত্বে ফেঁসে
খাঁটি ভারতীয় হ'নু শেষে!
আজ ম্যাচিং পাজামা, কুর্তা পরেছি
রাজা যেন রাজবেশে!

আমরা বৌকে গেরুয়া শাড়ি
পরিয়ে পাঠাব বাপের বাড়ি
তারপর পার্টি; সুরা ও সঙ্গে 
পনীরের তরকারি। 

আমাদের দেশপ্রেম ফিট সাদা
তাতে বাঙালিয়ানার কাদা
ভাঙা হিন্দি ভাষণে 'জটায়ু'র মতো
ভুলভাল গাদাগাদা।

আমরা ও দল ফেরতা ক'টায়
সো কল্ড পরিবর্তন ঘটাই
মোদের চটিজুতো ছিল আরাধ্যা তবু
সেই চটিকেই চটাই।

আমরা ঝাণ্ডা নিয়ে দু হাতে
আর গুটকার দাগ দাঁতে
কিন্তু চান্স পেলে সেই খাঁটি ঘেসো হয়ে
ফিরে যাব ডিম্ভাতে।

  

No comments:

Post a Comment