অভিসার
গায়ে ঢাকা নিয়ে ব্যস্ত ভিড়
চিত্ হয়ে শুয়ে রোড দূরের
ঘামেভেজা দুটো বোবা শরীর
আমরা ভিজছি রোদ্দুরে।
আমরা দেখছি মেজাজী ষাঁড়
অন্ধ ভিখারী, জলের কল
আমরা থামছি, হাঁটি আবার
পার হই স্টেশন, শপিং মল।
ছোঁয়ার বাইরে লেজ ঘুড়ির
তাইতো ঢুকিনি সিনেমা-ঘর
আমার পকেটে গোটা কুড়ি
তোর মেরেকেটে পঁচাত্তর।
পেটের ভিতরে মহাশ্মশান
ভাতঘুম থেকে জাগে পাপী
চল, নুন দিয়ে খাবি শসা?
হকার হাঁকছে -"দুটাকা পিস"
তারপর চোঁচোঁ জল খাবি
বাসস্টপে চাপা-কল টিপে
এখন এ লাইনে বড্ড ভিড়
বাড়ি যাব সেই লাস্ট ট্রিপে।
মিছিলেশ্লোগানে শহর ঘুমায়
কাল লাল ছিল, আজ কাদের?
আমি ভুলে গেছি আনতে রুমাল
ঘাম মুছি, তোর আঁচলা দে।
চল, গরবিনী, তারপর থেমে
দুজনের বাহুবন্ধনে-
বুঁদ হয়ে বলি, আমাদের প্রেমে
মাংস-মাংস গন্ধ নেই।
#পীযূষ কান্তি বন্দ্যোপাধ্যায়
No comments:
Post a Comment