28/09/2013

উঁকি

এমনি এক স্যাঁতসেঁতে আষাঢ়ের দিনে

ঝাড়খন্ডী শহরের অখ্যাত রেলের ক্যান্টিনে

মনে আছে ,তোমাতে আমাতে দেখা করবার কথা ছিল?


মনে নেই? না থাকাই স্বাভাবিক, টুকিটাকি কত কথা হয়,

কথাগুলো শুধু বলে যাওয়া ,আদতে প্রেমের কথা নয়।

তোমার বাড়ির সেই সামনের ফাঁকা জায়গাটা

এখন মেখেছে বৃষ্টি , আজো আছে  নিমের চারাটা

যে তোমার মাথা ছুঁয়েছিল,পড়শীর কালোখোকাদুটো

খেলা করে চড়ুই শাবক ,ধুলোবালি আর খড়কুটো

নিয়ে।আশেপাশে কত কিযে ঘটে ,কত চোখ,মুখ নাক

উঁকি দেয় ,ক্ষতি কি , মনে যদি না থাকে না থাক।

সুবর্ণরেখার কথা ভূগোলে পড়েছি তবু বালির পাঁচিলে

জমাট রক্তের দাগ, গলা ,পচা শবে বিষণ্ণ হাড়গিলে

রবাহুত ,অনাহুত. আত্মীয়ের শ্রাদ্ধে  ভোজে মাতে।

এ কথাও ভুলে যাওয়া যায়,বল! তোমাতে  আমাতে

আদিবাসী মেলা থেকে কিনে এনে বুনো এক টিয়া

দুজনে একান্তে বসে  বাঁধন খুলবো তার।যদি পরকীয়া
ভুল
করে কেউ এই বসে থাকাথাকি'র নাম দেয় ,দিক।

দুজনেরই পণ ছিল ,এ কথাও ভুলেছো প্রেমিক?

No comments:

Post a Comment