28/09/2013

সাধারণ

প্রত্যেকটি লক্ষণ ফুঁড়ে বায়োস্কোপ দুলে ওঠে।
চিরুনিতে লেগে থাকে আলগা সম্পর্কের গন্ধ
সুদে বেড়ে ওঠা কফ আলগোছে নড়ে উঠলে
মনে হয় ঘড়ির পরেই হাঁ করে শুয়ে আছে রাস্তাঘাট ,বুনো চাউনি ,অবলুপ্তির কোটা সিস্টেম

আয়নার মত চেনা শ্ব,
আড়ালে হারামিদের চেরা জিভে
বন্ধুসুলভ লালার বন্যা দেখে অজান্তেই শিহরণ

তোর থুতুর ফোয়ারা থেকে ঘৃণার স্থন্ডিলে
নিরবিচ্ছিন্ন জঠর কখন গলেগলে পড়ে,
লম্বা হয়ে এসে ধোঁয়াশা কাটিয়ে গন্তব্যে পোঁছে যায় সন্দেহ,
কখনো বহুগামী ভয়ের এঁটুলি লেগে থাকে গায়ে

তবুও অকারণ জেদে তোর কন্ঠস্বর
কানে ঢ়েলে দিই,
কুষ্ঠরোগীর গ্লাসে ঢেকে রাখি চুম্বন কটার সেই অকৃত্রিম ক্রোধ,

বিখ্যাত হবার অশ্লীলতায়
আমার আর সময় হয়ে ওঠেনা তোকে বোঝানোর,

নগ্ন হয়ে পেট চেপে শুয়ে দেখি,
সময় একটা দীর্ঘকবিতার ঠ্যাঙে দড়ি বেঁধে টানছে।

No comments:

Post a Comment