সেদিন ক্লান্তি ছিল মনে ও শরীরে
অজানা বিভুয়ে এসে হারিয়েছি পথ
ভুলেছি আপন ঘর,অতি ধীরেধীরে
মস্তিষ্কপ্রসুত ব্যথা ভুলেছে সম্বত।
ক্ষিদে আর তেষ্টা যত তাড়া দেয়
আমি তত অজ্ঞানের অন্ধকারে নামি,
হঠাত ভাঙলো ঘুম,চেয়ে দেখি
কোনো এক শহরের উপকন্ঠে আমি
কি সুখে,কিসের খোঁজে আজ এতদুরে
অজানা শহরে এসে কেন বসে আছি?
প্রহেলিকা দিলনা উত্তর তার,খুঁজে দেখি,
আশ্রয় কি নেই কাছাকাছি ?
হঠাত জ্বললো আলো অচেনা রাস্তায়
"কৌন হ্যায়?" ডাক দিল সন্ধ্যার প্রহরী
চেয়ে দেখি পেলব আলোতে,এলোচুলে
ডিমনা লেকের পাশে বসে আমার ঈশ্বরী
মুখে তার পরিচিত হাসি নেই আজ
অগোছালো বিষাদের প্রতিমূর্তি যেন
পায়েপায়ে কাছে এলো,তারপর ধীরে
আমাকে শুধালে-"এলে কেন?"
"তোমাকে ডাকিনি আমি,তোমাকে বলিনি
প্রেমময় কোন কথা,আকাঙ্ক্ষার কোন উচ্চারণ
ভুলেও করিনি,জানি কষ্টে বেঁধে বাসা
ভালোবেসে, ভালবাসা জানানো বারণ
আজকে সাজিনি,দ্যাখো,তোমার আসায়
রাখিনি তো প্রত্যাশার সন্ধ্যাদীপ জ্বেলে
এখনো বাঁধিনি চুল, ঘর্মাক্ত কপালে
সিঁদুরের চিহ্ননেই, তবু কেন এলে ?
কথাতে কথাতে ক্রমে হয়ে এলো ভোর
পূর্বদিকে উঁকি দিলো গলিত সোনা'রা
"ডাকোনি তো,"চোখ তুলে বললাম চুপে,
"তাইতো আসার ছিলো আরো বেশি তাড়া।
No comments:
Post a Comment