কিছু তো প্রত্যয় ছিল - দ্বাদশীর ম্লান অন্ধকারে-
আমরা গিয়েছি চলে সরষের ক্ষেত হয়ে পার
শশার জমির বেড়া শেখে'দের,তারই ধারে ধারে
গর্তে বুনো খরিশের বাসা আর অদ্ভুত আঁধার
শীর্ণ খালের পাশে দু একটা গোপনীয় ফাঁকে
দলিত মথিত কিছু ঘাসফুল,লুকানো ঝিনুক
বাদামখোসার মত খুলে ফেলা রাতের পোশাকে
প্রথামত কিছু দাগ আর তোর আনত চিবুক।
হৃদয়ে ঝর্নার শব্দ,তলপেটে অব্যক্ত ফোয়ারা
জল ভাঙ্গে,ওঠে নামে,ক্রমাগত রক্তে দেয় দোলা
মেঘ লাজে ঢেকে দিলে চাঁদ আর তারাদের পাড়া
অন্ধকারে খসে পরে ভন্ডামির শ্লীলতা-মেখলা।
মথিত দুর্বার গন্ধে বুকে চেনা ভয়ুক হরিন
নির্বাসন লেখা ছিল ফেলে আসা গাঁয়ে বন্ধ দ্বারে,
শুয়ে চুপ ভেজা ঘাসে ঢেউ-মগ্ন দুখানি শরীর-
কিছু তো প্রত্যয় ছিল -দ্বাদশীর ম্লান অন্ধকারে।
No comments:
Post a Comment