24/05/2013

রসিদ

আজ পুরনো বইপত্তর ঘাঁটতে গিয়ে হঠাত একটা রসিদ খুঁজে পেলাম।
আপাদমস্তক কাগজ নয় তোমার গায়ের পাকা-পেয়ারার গন্ধে ভরপুর।
আমাদের স্বাচ্ছন্দের তলায় চাপা পরে নিশ্চুপ সে গোগ্রাসে তোমার অভাব গিলছিল।

তোমার মতই স্পষ্ট কিন্তু নীরব গায়ে কিছু পুরাতন ঋণের হলুদ মেখে

একান্তে হাসছিল আমাদের স্বার্থপরতায়।
বড্ড ধুলো জমে আজকাল তোমার তৈরী ঘরে।যে ঘরে তুমি থাকতে,আমরা থাকি।
নতুন জঞ্জালেরা বড্ড একগুঁয়ে,

মাঝেমাঝেই সাফাইয়ের অজুহাতে পুরোনো স্মৃতি পুড়িয়ে ফেলে বিস্মৃতির আগুনে।
সবকিছু মোটামুটি অমনিই আছে,যেমন দেখে গেছিলে,
বাইরের প্লাস্টারহীন দেয়ালগুলো,কলতলার পাশে সেই জঞ্জালবহ খেয়ালী নালাটা
গ্রিলহীন প্যাসেজ

এমন কি তোমার বিপ্লবের স্বপ্নও বদলায়নি

আগের মতই দেশটাকে লাল নীল সবুজ হলুদ মিলে একই ভাবে চাটছে।
শুধু ভেতরে ভেতরে আমরাই কেমন ভোঁতা মেরে গেছি।


বিশ্বাস কর,আমাদের সর্বত্র তুমি আছ বলে আমরা একচুলও পাল্টাতে চাইনা।
একটা সামান্য ইঁটও নড়াতে চাইনা অবস্থান থেকে,

তবুও একটুএকটু করে কেমন কালোতে বদলাচ্ছে আলো অন্তরে-অন্তরে।
কিচ্ছু পাল্টায়নি,বাবা,তবুও সব পাল্টে যাচ্ছে।
চোখের সামনে সব ওলটপালট হয়ে যাচ্ছে ।অন্তহীন আকাঙ্ক্ষার ঝড়ে অনর্থক পুড়ে যাচ্ছে
জুড়ে যাওয়ার সাঁকো।



অনেকদিন বাদে আজ তোমার জন্য চোখে জল এলো।
পোড়ানো হলোনা ঘরময় জঞ্জালের খামখেয়ালিপনা।


তুচ্ছ বিবর্ণ রসিদটাকে আবার নতুন করে তোমার  কবিতার খাতায় ভরে রাখলামl

No comments:

Post a Comment