সেকুলার স্যাণ্টা'কে
আজ কি দারুণ কুয়াশা? বরফ পড়ছে গাজায়?
যেখানে একটি কবরে ঢুকিয়ে দু দুটো শিশুকে
আলো গাছ নয়; বাপ মা কেবল কফিন সাজায়।
স্যান্টা‚ এবার ওখানে যাবে না চেনাতে যীশুকে?
যাবে না? তাহলে তুমিও ভীষণ প্রতিশোধ-কামী।
নাকি রঙ দ্যাখো? আমাদের মতো তুমিও তুচ্ছ?
শুধু হাসি মুখ? চিরকাল শুধু চেয়েছো আমীর?
আজ ফাঁক বুঝে পেছনে বেঁধেছো ময়ূরপুচ্ছ!
শোনো, তুমি যদি সকলের হও‚ এই ভেক ছাড়ো।
ভেজা চেন্নাই, খরা'র কেনিয়া, দূর রাশিয়ায়
পেশোয়ারী স্কুলে, মৃত্য মিছিলে হেঁটে গিয়ে আরো
বোম্বে‚ প্যারিস‚ নাইজেরিয়ার পাড়ায় পাড়ায় …
যত লাশ আজ ঢাকা পড়ে গেছে খুশির খবরে
যদি পারো, কিছু ফুল দিয়ে এসো তাদের কবরে।
No comments:
Post a Comment