ফাগুনকাঁটা
এই যে তোমার জন্যে আমার কাঙ্গালপনায়
সকাল হতে মাত্র কয়েক ঘন্টা বাকি
বাইরে আমের ডালে ঝড়ের অসভ্যতা
তাতেও তোমার প্রভাব নাকি!
সন্ধ্যা থেকেই তুমুল হারে বৃষ্টি হচ্ছে
তোমার ঘাটে এতক্ষনে একগলা জল
শ্যাওলা-বুকে ব্লেডের ধারে আল্পনা দিই
রক্তপিছল রক্তপিছল।
রক্ত হোক বা বৃষ্টি ,এসব মধ্যবিত্ত
পানসেপনায় তোমার বোধহয় লোভ জাগেনা,
বরং মনে আগুন লাগাও ,কষ্ট পুড়ুক ,কষ্ট পুড়ুক
কষ্ট ছাড়া ভাল্লাগেনা।
এইযে তোমায় চেঁচিয়ে ডাকছি ,রেজাল্ট পাবো?
আজকে কাদা ,আগের ক-রাত ঘুমাওনি ,তাই
অন্ধকারে ,চিরাচরিত অন্ধকারে
হাতড়ে পাঁজর আগুন জ্বালাই।
জ্বলছে ফাগুন ,জ্বলুক। এখন পেঁচার ডাকে
কালবোশেখি ,ফাগুন খুঁজিস কোন আক্কেলে?
বিছানা জুড়ে তোমার মুখ বা ফাগুনকাঁটা
এপাশ ওপাশ , রাত্রি হলেই।
No comments:
Post a Comment