চায়ের কাপের আগে যেটুকু বালি
আর ভোরতুতো দুঃস্বপ্নের উত্তরাধিকার
দরজা বন্ধ করে পেটচেপে শুয়ে থাকা,
অথবা ছোঁয়ার আগে এই উপলব্ধি ,আমার পূর্বপুরুষেরা কেউ ডাকাত ছিলনা,
যদিও চোখের জল দেখলে আমার অর্গাজম একটা ভিন্ন মাত্রা পায়।
#
রাতের পাঁজরে পেজমার্ক দিয়ে রাখছি নির্ঘুমে।
পিন গেঁথে ডিজিট্যাল যন্ত্রণা পাঠাব
স্বমেহন কিংবা কবিতার ভ্রুনে।
হেরে যাচ্ছি বলেই চেপে ধরতে চাইছি
কলম কিংবা কলমের মত কিছু ব্যথাস্থল।
যদিও জানি,প্রত্যেক কবির হাতেই অসংখ্য ভ্রুনহত্যার রক্ত লেগে আছে!
#
আজ জানলাম,নেশা করার ইচ্ছের মধ্যেই নেশা থাকে,
যেমন "ললিতগীতকলিতকল্লোলে"বা
এই ধরনের কোন শব্দ
কারো জন্যে রবীন্দ্রনাথ জয়দেব থেকে চুরি করেছিলেন,
তোমার জন্যে আমি।
#
আমাদের ঠেকে কতকগুলো চুম্বন পরবর্তী বিড়ির পিছনে বিরহ লেখা আছে
অথচ ক্যান্সারে ভয় করেনা এমন একজনকে আমি স্বপ্নেও দেখিনি।
#
মায়ের শনি আর মঙ্গলবারের দেব দেবতাদের সাথে আমার কোনো কালেই তেমন বনেনি
কিন্তু তার জল ঘেঁটে পচে যাওয়া নখগুলো কেটে দেওয়ার সময় শুধু পায়ে চুমু খেতে ইচ্ছে করে।
কেউকেউ এর মধ্যে ফেটিশের গন্ধ পাবে!
#
ধর্ষন পুর্ববর্তী কয়েক সেকেন্ডের ব্যাখা কারো কাছে অভিজ্ঞতা আবার কার কাছে দগদগে ক্ষত
যদিও হিসেব মত উভয়ের নখের মধ্যেই চামড়ার কুচি ঢুকে থাকা উচিত।
#
তোমার অনুপস্থিতি আজ মনে পড়ালো
আমিও একটা পুর্নাঙ্গ বেশ্যা,
নাহলে বিনিময়ে ভালোবাসা চাই কেন?
#
সচরাচর ঢিল নির্বাচনের সময়
নেড়ির কোনো ভোট থাকেনা।
যেমনভাবে প্রত্যেকটি কাঁপন পর্যন্ত দিনের ইউরেটাসের মধ্যে ঢুকে বসে আছি।
No comments:
Post a Comment