08/11/2012

শত্রু তোমাকে বন্ধুত্বে....

তোমার ছন্দোবদ্ধ ক্রন্দনে এত অশ্রু-গন্ধী ভালোবাসা আছে শত্রু এত আগুন আছে তোমার দূরত্বের চোখের জলে আমি বুঝিনি তাই পরম শত্রুতায় আজ আমারও চোখে জল। আমি জানি কি করে তুমি আমার প্রিয় গান আমার মত করেই গাও আমার চেনামুখ ছবি একই তুলিতে অভিন্ন হৃদয়ে আঁকো নিভৃতে কষ্টকল্প স্বপ্নবাসর সাজাও কালোকালিতে রামধনু মিশিয়ে অহংকার-সমৃদ্ধ করো দয়িতার ঠোঁট। আমি জানি তুমি কি আবেশে আলো থেকে পালিয়ে বেড়াও হাসির চাদরে ঢাকো সহস্র নালিশ ভদ্রতার ছুরিতে ফালাফালা কর তোমার গোপন ইচ্ছার অসহায় আকাশ কি রক্তিম সুখে মরুভূমি হয়ে তুমি নদীর জন্যে কেঁদেকেঁদে মরো কি কষ্টে কবিতার খামে ভরে অনির্দিষ্টকে পাঠাও কান্নার শেফালী। অনেক উঁচুতে আছি তবু আমি জানি উচ্চতাকে তুচ্ছ করেছে তোমার সে অনাম্নী তীব্রতার স্রোত আমাকে ভেজালো আজ সেই দ্বন্দ্বে মন-গন্ধী ঢেউয়ে। সব জানি,শুধু এইটুকু অজানা আমার যে আমার কেউ নয়,তবু তার জীর্ণ চোরাবালি কেন আজ ভরালো শরীর নিজেকে খুঁজতে গিয়ে। যতবারই বালিমাখা পিছনে তাকাই কেন শুধু মিশে যায় লবণে লবণ...? (০৮/১১/২০১২)

No comments:

Post a Comment