28/07/2015

বসন্তদূত

সিঁদুরে পোকার দয়া অবিন্যস্ত সিঁথি
ছুলি‚ দাগ‚ এইসব এয়োতির চিহ্ন নিয়ে‚ হায়
অর্ধনগ্ন শুয়ে আছ। তুমিও‚ অদিতি
আজকাল ব্রা পরা ভুলেই গেছ প্রায়!

সম্প্রতি দেখেছি‚ প্রায়ই তোমার রুটিনে
নির্জলা উপোস আর বমিবমি ভাব
রাতে জ্বর ফিরে আসে‚ চলে যায় দিনে
প্রেমের সংসারে আজ প্রেমের অভাব।

তোমার কষাতে ঘা; তার পাল্টা
                                  স্বামীদেবতার দেশী মদ।
শরীরী অভ্যাসের আগে প্রতি রাতে বিষাক্ত শ্বাপদ                           উভয়ের ঠোঁটে গিয়ে খিস্তি হয়ে কাঁপে।
                     অভিমান পরিণত হয় অভিশাপে।

                               এখনও বসন্ত আসে।

(সরকারি কেরাণীর মতো)
কর্তব্যকর্ম সেরে কোকিলেরা ফিরে চলে যায়।
এখনো চাঁদের আলো‚ রোমান্টিক দখিনা হাওয়ায়
নেশা লাগে কবিদের মনে।
কর্পূর গন্ধের মতো - প্রেম আসে কোথাও গোপণে।

রবিবাসরীয় সাঁঝে - পড়শীর স্টিরিও'তে
ফুটন্ত মাংসের সাথে পাল্লা দেয় বসন্ত বাহার।

তোমার বসন্তে আসে হোমিওপ্যাথ নিতাই ডাক্তার।

#পীযূষ কান্তি বন্দ্যোপাধ্যায়

No comments:

Post a Comment